মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সৈনিক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মো. আবু জোহা মৃধা (অবসরপ্রাপ্ত সৈনিক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গত ১৪ অক্টোবর দুপুরে কমলাপুর-উজানী সড়কের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে টেংখোলা বাজার থেকে অটো রিকশায় কমলাপুরের নিজ বাড়িতে ফিরছিলেন আবু জোহা মৃধা। কমলাপুর-উজানী সড়কের তিন রাস্তার মোড়ে নেমে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। নিহত আবু জোহা মৃধা মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মরহুম খুরম আলী মৃধার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
ওই দিন রাত ১০টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এই বিভাগের আরো খবর






