বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালককে পাওয়া যায়নি।
নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম জালাল মিয়া। তিনি পুলিশ সদর দপ্তরে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী একটি প্রাইভেট কারে করে বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। পথে ছোনকা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি গাড়ির পেছনের আসনে বসে ছিলেন। দুর্ঘটনার পর গাড়ির চালকের সন্ধান পাওয়া যায়নি।
পরে ঘটনাস্থল থেকে গোলাম রব্বানীর সঙ্গে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
