পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় তিনটি পৃথক অভিযানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
রোববার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, গত ১৭ অক্টোবর ভারতীয় মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর জানায়, কোয়েটা জেলার পানজপাই এলাকায় স্থানীয় যান চলাচল ব্যাহত করতে সড়কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছিল একদল সন্ত্রাসী। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচজন নিহত হয়।
অন্যদিকে, নুশকি জেলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে তীব্র গোলাগুলির পর দুই সন্ত্রাসী নিহত হয়। অভিযানে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া খুজদার জেলায় আরেকটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানায় হামলা চালানো হলে একজন নিহত হয়। ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অন্য কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
