কালবেলা · খেলাধুলা
মাথায় ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে এমি মার্তিনেজ
১৭/১০/২০২৬

এভারটনের বিরুদ্ধে ম্যাচ চলাকালে মাথায় ভয়াবহ চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হিল ডিকিনসন স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে চোটের তীব্রতার কারণে মাঠে প্রায় নয় মিনিট চিকিৎসা চলে এই আর্জেন্টাইন তারকার।
শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে হাওয়ায় ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে এভারটনের জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মুখে ও মাথায় প্রচণ্ড ধাক্কা লাগে মার্তিনেজের। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় চিকিৎসা দেওয়ার পর শেষ পর্যন্ত তাকে স্ট্র্যাচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।
আর্জেন্টাইন এই তারকা মাঠ ছাড়লে ৭৪তম মিনিটে তার বদলি হিসেবে নামেন বেলজিয়ান তরুণ মাইক পেন্ডার্স, যার মাধ্যমে প্রিমিয়ার লিগে তার অভিষেক ঘটল।
যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টস নিশ্চিত করেছে, প্রাথমিক চিকিৎসার পর মার্তিনেসকে সরাসরি লিভারপুলের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ব্রান্থওয়েটকে খেলার উপযুক্ত ঘোষণা করেন চিকিৎসকরা।
দুর্ঘটনার সময় ১-০ গোলে এগিয়ে ছিল চেলসি। পরবর্তীতে ৯০তম মিনিটে পেদ্রো নেতোর দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে অল ব্লুজরা। গত জানুয়ারির পর এটিই প্রিমিয়ার লিগে চেলসির প্রথম ক্লিন শিট।
ম্যাচ শেষে টিএনটি-কে নেতো বলেন, ‘জয়ে আমরা আনন্দিত, তবে এমির এই চোট আমাদের মন খারাপ করে দিয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় আমরা তাকেই উৎসর্গ করছি। এমি ও মাইক দুজনই এটি পাওয়ার যোগ্য।’
এই ভয়াবহ চোট চেলসি সমর্থকদের মনে করিয়ে দিয়েছে ২০০৬ সালের অক্টোবরে রেডিংয়ের বিরুদ্ধে পেট্র চেকের মাথায় পাওয়া সেই মর্মান্তিক আঘাতের স্মৃতি। স্টিফেন হান্টের সঙ্গে সংঘর্ষে চেকের খুলিতে গুরুতর ফাটল ধরেছিল, যার পর থেকে পুরো ক্যারিয়ারে তাকে প্রতিরক্ষামূলক বিশেষ 'হেডগার্ড' পরে মাঠে নামতে হয়েছিল।
চার বছর আগে বিশ্বকাপজয়ী ও সাম্প্রতিক আসরের ফাইনালিস্ট আর্জেন্টিনা দলের প্রধান এই গোলরক্ষক চলতি গ্রীষ্মকালীন দলবদলে সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেন।
মূল প্রতিবেদনে যান ↗