নড়াইল, রাজশাহী ও ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল : নড়াইলে পেছন থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস নামে (৫০) এক নারী নিহত হয়েছেন। শুক্রবার গোবরা মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা সিঙ্গাশোলপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী। তিনি রংমিস্ত্রি পেশায় যুক্ত ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুশুড়ি গ্রামের বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন মুক্তা রানী। পথে গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে করে তারা মুশুড়ির দিকে রওনা হন। গোবরা মিত্র কলেজের সামনে পেছন থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে পাটবোঝাই টলি গাড়ি উল্টে চাপা পড়ে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ধোকড়াকুল আখ সেন্টারের কাছে দুর্ঘটনা ঘটে। নিহত আয়েজ উদ্দিন বাগমারার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন আয়েজ উদ্দিন ও চালক শুভ। ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পেছন দিক থেকে আসা ধানবোঝাই নসিমন তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে পাটবোঝাই গাড়ি উল্টে নিচে চাপা পড়েন আয়েজ উদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন (ভোলা) : বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার কাচিয়া ইউনিয়নের দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বোরহানউদ্দিন ও লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মৃত রেজাউল মুন্সির ছেলে। স্বজনেরা জানান, যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় যাওয়ার পথে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই মেহেদী হাসান জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি আশ্রাব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদের উদ্ধার করে।