রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন শেষে দীর্ঘদিন পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি চিঠিতে উদ্বোধনের এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর ঐতিহাসিক ওসমানী উদ্যান আবারও নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন পরিবেশে ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন, অবসর সময় কাটাতে পারেন এবং পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় উপভোগ করতে পারেন। জুলাইয়ের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ
ওসমানী উদ্যানের প্রাঙ্গণে জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং সেই সময়ে শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।
ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে রাজধানীতে অবসর যাপনের একটি গুরুত্বপূর্ণ স্থান নতুনভাবে চালু হওয়ার পাশাপাশি জুলাই-আগস্টের ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতি সংরক্ষণের উদ্যোগও দৃশ্যমান হবে।
সোমবার উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য উদ্যানটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। ফলে দীর্ঘদিন পর রাজধানীবাসী নতুন সাজে সজ্জিত ঐতিহাসিক ওসমানী উদ্যানে সময় কাটানোর সুযোগ পাবেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
