‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল হক, ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার মো. হযরত আলী এবং ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে আত্মরক্ষা, উদ্ধার তৎপরতা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করে। মহড়ায় দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগ মোকাবিলায় পরিবার পর্যায় থেকেই প্রস্তুতি নেওয়া এবং দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার চর্চা শুরু করার আহ্বান জানান তাঁরা।
The post ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া appeared first on Dhaka Protidin.
