The Sangbad · স্বাস্থ্য
রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্নদের কর্মবিরতি
২১/১০/২০২৬

চিকিৎসা সরঞ্জামের সংকট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়। হঠাৎ এই কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা, ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনেরা।আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সংকট চরম আকার ধারণ করেছে। একই সঙ্গে বহিরাগতদের অবাধ প্রবেশ এবং দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের অবহেলার কারণে চিকিৎসকদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।ইন্টার্ন চিকিৎসকদের দাবি, জরুরি বিভাগ ও পর্যবেক্ষণ কক্ষ ঠিকভাবে চালু না থাকায় মূল ওয়ার্ডগুলোতে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান পাওয়া যায়নি।রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সমিতির সভাপতি ডা. এস এম তপু জানান, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের সার্বিক পরিস্থিতি, পাঁচ দফা দাবি ও পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে জরুরি চিকিৎসা নিয়ে সংকট তৈরি হওয়ায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা।
মূল প্রতিবেদনে যান ↗