বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার (২৩ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানুল হক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
ঘটনার বিবরণ জানিয়ে এসআই কামাল হোসেন বলেন, ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই হত্যা মামলায় দীপু মনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তবে আইসিটি আদালতে বিচারকাজ ও অন্যান্য মামলায় রিমান্ড এবং হাজিরা থাকায় তখন এই রিমান্ড কার্যকর করা সম্ভব হয়নি।
পরবর্তীতে চলতি বছরের অক্টোবর মাসে তদন্ত কর্মকর্তা রিমান্ড কার্যকরের আবেদন জানালে আদালত ১৫ কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সেই অনুযায়ী গত বুধবার তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করা হয়।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল তিনটার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় নিহত হাফিজুলের বাবা আবু বক্কর শিকদার বাদী হয়ে ২০২৪ সালের ২১ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
