চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর ক্লাব কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। পরে অবশ্য তাকে ডেকে পাঠায় ইউনাইটেড কর্তৃপক্ষ। সেখান থেকে এসে সামাজিক মাধ্যমে ক্ষমা চান মার্টিনেজ। তবুও শাস্তি পেতে হলো ২৮ বছর বয়সী এই তারকাকে।
অ্যাতলেটিকোর মাঠে ম্যাচের শুরুতেই ইউনাইটেডকে গোল হজম করান পাবলো ব্যারিওস। সেই লিড থাকাবস্থায় ৭৪তম মিনিটের পর দলটি ১০ জনে পরিণত হয়। আদেমোলা লুকমানকে পেছন থেকে ফাউল করায় লাল কার্ড দেখেন ইউনাইটেডের ডিফেন্ডার লেনি ইউরো। এরপরই নাইজেরিয়ান উইঙ্গার লুকমান তাদের জালে আরেক গোল দিয়ে ২-০ ব্যবধানে অ্যাতলেটিকোর জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে ক্ষুব্ধ কণ্ঠে ইংলিশ ক্লাবটির মালিকপক্ষকে উদ্দেশ্য করে লিসান্দ্রো মার্টিনেজ বলেন, ‘আমাদের ফুটবল পরিচালকের কাছ থেকে আমি আরও বেশি প্রত্যাশা করি। সত্যি বলতে, আমি এটাই মনে করি। একইসঙ্গে খেলোয়াড় হিসেবেও আমাদের আরও ভালো করতে হবে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে এবং ইউরোপে শিরোপার লড়াইয়ে থাকতে ইউনাইটেডের আরও খেলোয়াড় প্রয়োজন।’
এভাবে প্রকাশ্যে ইউনাইটেড কর্তৃপক্ষকে আক্রমণ করার পর গতকাল (বৃহস্পতিবার) মার্টিনেজকে ডেকে পাঠান উর্ধ্বতনরা। তাদের সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই। আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি।’
এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার, ‘সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওইমুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না এবং তাই আমি ক্ষমা চাই।’
এ নিয়ে ইউনাইটেডের পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও, মার্টিনেজকে জরিমানা করা হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে ক্লাবের সমালোচনা করার অল্প সময়ের ব্যবধানেই প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন রুবেন অ্যামোরিম। অবশ্য তার অধীনে মাঠের পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল ছন্নছাড়া, ফলে কোচের বিদায়ও অবশ্যম্ভাবী হয়ে ওঠে!
এদিকে, বর্তমান কোচ মাইকেল ক্যারিকের অধীনে গত মৌসুমের শেষভাগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ক্লাব। কিন্তু এবার তারা উল্টোপথে হাঁটছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড। স্বাভাবিকভাবেই তাতে তীব্র সমালোচনা সইতে হচ্ছে ক্যারিক ও তার খেলোয়াড়দের। চলতি মৌসুমে সবমিলিয়ে ৯ ম্যাচের মাঝে কেবল দুটিতে জিততে পেরেছে ইউনাইটেড, চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ উভয় প্রতিযোগিতায় তাদের অবস্থান ১৩তম।
এএইচএস
