চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে ২৯৪ মণ্ডপসহ বিভিন্ন খাতে চসিকের ৩৬.৭০ লাখ টাকা অনুদান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২৯৪টি পূজামণ্ডপসহ বিভিন্ন খাতে মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সবার শহর। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা সিটি কর্পোরেশনের দায়িত্ব। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
অনুদানের বিবরণ তুলে ধরে মেয়র বলেন, চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানার আওতাধীন ২৯৪টি পূজামণ্ডপে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া জে এম সেন হল পূজামণ্ডপে পাঁচ লাখ টাকা, জামালখানের কুসুমকুমারী পূজামণ্ডপে ১৫ লাখ টাকা এবং সিটি কর্পোরেশনের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য মোট দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সচেতন হতে হবে। নগরীর সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সুবিধা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরীর ২৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অনুষ্ঠানে অংশ নেন।
এই বাংলা/এমএস
