চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে আরও সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক সফরে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র নাফিজ মাহবুব।
বুধবার থেকে (২১-২৪ অক্টোবর) পর্যন্ত ৪ দিনের এ সফরে তিনি চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা, কক্সবাজার ও চাঁদপুরের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, গতকাল ২১ অক্টোবর চট্টগ্রামে পৌঁছে রাতে জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হবেন নাফিজ মাহবুব। আজ ২২ অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
কাল ২৩ অক্টোবর কক্সবাজার জেলা পেশাজীবী দলের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় জেলার দায়িত্বশীল নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন তিনি।
সফরের শেষ দিন ২৪ অক্টোবর চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেবেন নাফিজ মাহবুব। এ সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, নতুন নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখা এবং পেশাজীবীদের সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত করা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলো কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করা।
দলীয় সূত্রে জানানো হয়েছে, এ সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের যোগাযোগ আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হবে। সফরের বিস্তারিত সময়সূচি, সভাস্থল, ব্যানার ও কেন্দ্রীয় পর্যায়ের অংশগ্রহণকারী নেতৃবৃন্দের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী জানানো হবে।
ফম/এমএমএ/
