
গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করা এবং শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৯ রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোঃ আলেমুল বাসার, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের আমীর মাও নায়েবুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। কন্যা শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা গেলে একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ করে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা এবং প্রশাসনের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধান গণ,বিভিন্ন শিক্ষানপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
