আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) এবং নারী অধিকার নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের পরই শুরু তীব্র রাজনৈতিক বিতর্ক। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ভণ্ডামি ও মেধাগত দেউলিয়াপনার অভিযোগ তুলেছে আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। একইসঙ্গে কংগ্রেসে মহিলাদের প্রতিনিধিত্ব এবং রাহুলের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে গেরুয়া শিবির।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, মঙ্গলবার আরএসএস-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজমাধ্যম 'এক্স'-এ একটি পোস্ট করেন রাহুল। সেখানে সঙ্ঘকে শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত সংবিধানবিরোধী গোষ্ঠীর তকমা দেন তিনি। পাশাপাশি, 'শিব-শক্তি'র প্রসঙ্গও টানেন। একইসঙ্গে দাবি করেন, 'সঙ্ঘের সঙ্গে যুক্ত বহু নারীও আমার রাজনৈতিক লড়াইকে সমর্থন করছেন।' এই মন্তবের পরেই বিজেপি এবং ভিএইচপি যৌথভাবে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানায়।
বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন দাবি করেন, 'কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ৫৫ বছরেরও বেশি সময় ধরে মহিলাদের সংরক্ষণ বিল পাশ করাতে পারেনি।' জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ আন্দোলনে রাহুলের বিরুদ্ধে মহিলা পুলিশ এবং মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগের প্রসঙ্গও তোলেন তিনি। স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের সাংসদের বিরুদ্ধেও পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, বিজেপির বিধায়ক রাম কদম রাহুলকে কটাক্ষ করে বলেন, সঙ্ঘ সম্পর্কে কোনও ধারণা না রেখেই সস্তা প্রচারের জন্য অবান্তর মন্তব্য করছেন তিনি। সঙ্ঘের মহিলা শাখার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে নারীরা গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। তেলেঙ্গানা বিজেপির সভাপতি এন রামচন্দর রাও রাহুলের দলকেই পুরুষতান্ত্রিক বলে আক্রমণ শানিয়েছেন। যেখানে মহিলাদের প্রতিনিধিত্ব সেভাবে চোখেই পড়ে না বলে জানিয়েছেন তিনি।
একই সুরে তীব্র আক্রমণ করেছে বিশ্ব হিন্দু পরিষদও (VHP)। সংগঠনের জাতীয় মুখপাত্র বিনোদ বনশল রাহুল গান্ধীকে 'মেধাগতভাবে দেউলিয়া' বলে আক্রমণ শানান। রাজনৈতিক স্বার্থে রাহুল ধর্মকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি।বলেন, "অতীতে সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে মন্তব্য করার পাশাপাশি হিন্দু ঐতিহ্যে নারী আধ্যাত্মিক গুরুদের ভূমিকার কথাও যেন তিনি মাথায় রাখেন।" একইসঙ্গে হিন্দু সংগঠনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা থেকে রাহুলকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ভিএইচপি।
এছাড়া, রাহুলের 'আরএসএস বহু মহিলাও তাঁকে সমর্থন করেন' মন্তব্যকে কটাক্ষ করেছেন বনশল। জানিয়েছেন, এর আগেও রাহুল জ্ঞানেশের বিরুদ্ধে বহু সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছিলেন, যার কোনও সত্যতা নেই।
