প্রকাশিত: ২১:১৫, ১৭ অক্টোবর ২০২৬
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের কোপ ও আঘাতে সোহান মন্ডল (২৬) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বকশি চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
মৃত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে মাঝে-মধ্যেই সুমন মন্ডল ও সোহান মন্ডলের স্ত্রীর ঝগড়া হতো। এর জের ধরে শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহান মন্ডলের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মন্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথার পিছনের দিকে তাকে কোপ দেন এবং কয়েকটি আঘাত করেন। সোহানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যান। সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেছেন, “পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটক করতে পুলিশের অভিযান চলছে।”
