
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় এক শিক্ষক ও তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু ও একজন শিক্ষক। তাদের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও ঘটনাস্থলে নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা বিদ্যালয়টিতে পড়াশোনা করে। স্কুলটিতে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও ৪০ জন কর্মী রয়েছেন।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রানৎজ এক ব্রিফিংয়ে জানান, সকালে আনুমানিক ১৬ বছর বয়সী ওই কিশোর স্কুলের তালাবদ্ধ প্রবেশফটকে গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর বিদ্যালয়ের ভেতরে গুলি চালাতে শুরু করে সে। এতে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক নিহত হয়। এ ছাড়া সাত বছর বয়সী এক শিশু ও আরও এক শিক্ষক গুরুতর আহত হয়।
পুলিশপ্রধান জানান, স্কুলটির আশপাশের এলাকার এক বাসিন্দা ওই কিশোরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখে তার পিছু নেন। পরে হামলাকারী গুলি চালানোর সময় ওই বাসিন্দাও তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই কিশোরটির মৃত্যু হয়। তবে ওই বাসিন্দার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
হামলার পর বিদ্যালয়টি পরিদর্শনে যান ওরেগনের গভর্নর টিনা কোটেক। পুলিশের ব্রিফিংয়েও উপস্থিত ছিলেন তিনি। গভর্নর বলেন, ‘কোনো অভিভাবকের জীবনে যেন এমন দিন আর না আসে। কোনো কমিউনিটিকেও যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’
নিহত ও আহত শিশু, শিক্ষক এবং তাঁদের পরিবার ও স্বজনদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তাঁদের সম্পর্কে যত বেশি জানা যাবে, ততই শোক আরও গভীর হবে। সবাই মিলে কাঁদতে হবে, হয়তো একান্তেও কাঁদতে হবে।
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিয়ে উদ্বেগ
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা দেশটির অন্যতম বড় নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে। এর আগে ১৯৯৯ সালে কলম্বাইন হাই স্কুল, ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল, ২০১৮ সালে মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল এবং ২০২২ সালে টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে।
মার্কিন অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৬০টির বেশি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, কোনো ঘটনায় চার বা তার বেশি মানুষ গুলিবিদ্ধ হলে সেটিকে গণ-গুলিবর্ষণ হিসেবে গণ্য করা হয়।
এদিকে মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত গণ-গুলিবর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্রে ২ হাজার ৭৩৩ জন প্রাণ হারিয়েছেন। ধারাবাহিক এসব হামলা দেশটিতে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা, জননিরাপত্তা এবং স্কুলে শিশুদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
অর্থসূচক/
The post যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৪ শিশু-কিশোরসহ appeared first on অর্থসূচক.
