ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৯৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১৬ জন। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।
এদিকে গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে। এতে নতুন করে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অর্থের অভাবে অনেক পরিবার প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত দিয়ে পণ্য প্রবেশে বাধার পর কয়েক দিনের ব্যবধানে আটা, ডিম ও পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উত্তর গাজার জাবালিয়ার বাসিন্দা ৫২ বছর বয়সি ইসমাইল আল-বারাওয়ি জানান, আগে এক কার্টন ডিমের দাম ছিল ৩৫ শেকেল। এখন তা বেড়ে ৬০ থেকে ৭০ শেকেলে দাঁড়িয়েছে। একইভাবে প্রতি কেজি পেঁয়াজের দাম পাঁচ-ছয় শেকেল থেকে বেড়ে আট-দশ শেকেল হয়েছে।