একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপে আবেদন শুরু হবে আগামী ২৬ অক্টোবর। যা চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।
আজ রোববার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন চলবে ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর। প্রথম ও দ্বিতীয় ধাপের মতোই ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা খালি আসনের সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনের ভর্তির এই তৃতীয় ধাপ সর্বশেষ ধাপ বলে গণ্য করা হবে। অর্থাৎ এর পর আর ভর্তির সুযোগ মিলবে না।
এর আগে দুই ধাপে আবেদন নিয়ে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কিরা হয়। এর মধ্যে প্রথম ধাপের আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া শেষে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্লাসও শুরু হয়েছে।
