আন্তর্জাতিক প্রযোজনার বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চিত্রনায়িকা অধরা খান। গতকাল টরন্টো থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই বড় সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। সিনেমাটির পেছনে দীর্ঘদিন সময় দিতে গিয়ে তার হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রজেক্ট হাতছাড়া হয়েছে বলেও দাবি করেছেন এই নায়িকা।
কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমাটি নিয়ে অধরা খানের অনেক স্বপ্ন ছিল। কিন্তু শুটিং শুরুর আগেই নির্মাতার বিরুদ্ধে অপেশাদার আচরণ ও যোগাযোগের চরম অভাবের অভিযোগ তুলেছেন তিনি। অধরা জানান, সিনেমাটির সঙ্গে জড়িতদের অপেশাদার মনোভাবের কারণে দীর্ঘ সময় ধরে তিনি চরম হতাশার মধ্য দিয়ে গেছেন।
বিষয়টি নিয়ে তিনি আগেই সংশ্লিষ্ট পক্ষকে নিজের আপত্তির কথা জানিয়ে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রযোজনা বা পরিচালনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় ভক্ত ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছিল তাকে। বাধ্য হয়েই তিনি নিজে থেকে বিষয়টি জনসমক্ষে এনেছেন।
এই সিনেমার জন্য অপেক্ষা করাকে নিজের ক্যারিয়ারের ‘বড় ভুল’ হিসেবে দেখছেন অধরা। তিনি জানান, ‘ভায়োলেন্স’ সিনেমার শিডিউল ঠিক রাখতে গিয়ে এবং এর পেছনে দিনের পর দিন সময় নষ্ট করার কারণে হলিউডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কাজের বড় বড় সুযোগ তার হাতছাড়া হয়ে গেছে। পেশাগত এই বড় ক্ষতির পাশাপাশি তিনি চরম আর্থিক লোকসানের সম্মুখীনও হয়েছেন বলে দাবি করেন।
গত আগস্ট মাসে কানাডার টরন্টোতে জমকালো মহরতের মাধ্যমে আন্তর্জাতিক এই বাংলা সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। সিনেমাটির বড় অংশের শুটিং কানাডায় হওয়ার কথা ছিল। এতে অধরা খানের পাশাপাশি জায়েদ খান ও শিরিন শিলার অভিনয় করার কথা রয়েছে। সম্প্রতি এই সিনেমার শুটিংয়ের খবরও সামনে আসে। কিন্তু শেষ পর্যন্ত প্রজেক্টের শুরুতেই নায়িকা অধরা খানের এই প্রস্থান সিনেমাটির ভবিষ্যৎকে কিছুটা হলেও প্রশ্নের মুখে দাঁড় করাল।
হলিউডের কাজ হাতছাড়া হওয়া এবং ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো অধরার ক্যারিয়ারে একটি বড় ধাক্কা হলেও তিনি ভেঙে পড়েননি। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি আগামীতে আরও ভেবেচিন্তে এবং পেশাদার প্রজেক্টে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, শুভাকাক্সক্ষীদের ভালোবাসাকে সঙ্গী করে তিনি খুব শিগগিরই নতুন ও ভালো কাজের মাধ্যমে পর্দায় ফিরবেন। বর্তমানে অধরা অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।