‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লালমনিরহাট সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিআরটিএ লালমনিরহাট সার্কেলের সহকারী পরিচালক মো. ফয়সাল হাসান।
উদ্বোধনকালে মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে নানা তথ্যচিত্র ও পরামর্শ তুলে ধরে সচেতন করা হয়। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিআরটিএর পক্ষ থেকে যানবাহন চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ড্রাইভিংকালে মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকা, হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা, সিটবেল্ট বাঁধা এবং সকল ট্রাফিক আইন ও সংকেত মেনে চলার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি মাদকাশক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান বা বাঁকে ওভারটেকিং না করা এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়।
মোটরসাইকেল চালক ও আরোহীদের ক্ষেত্রে মানসম্মত হেলমেট পরিধান, মালিকদের ফিটনেসবিহীন যান সড়কে না নামানো এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ তৈরির আহ্বান জানানো হয়।
একই সাথে সাধারণ যাত্রীদের চলন্ত যানবাহনে ওঠানামা পরিহার করা ও সারিবদ্ধভাবে গণপরিবহনে ওঠার পরামর্শ দেওয়া হয়। পথচারীদের জেব্রাক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপারের নির্দেশনা দেওয়ার পাশাপাশি গণপরিবহনে নারী যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে আইনি সহায়তা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এর পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরবচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ, জেলা পুলিশ, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। টিমটি লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করে প্রতিদিনের যাত্রীসেবা, যানবাহন চলাচল ও সড়ক নিরাপত্তা পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করছে।
লালমনিরহাট বিআরটিএ-এর সহকারী পরিচালক মো. ফয়সাল হাসান জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট বিতরণ, যানবাহনে স্টিকার সংযোজন, চালক ও সাধারণ যাত্রীদের ট্রাফিক সংকেত মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধকরণ। সপ্তাহজুড়ে সমগ্র জেলা জুড়ে এসব কার্যক্রম জোরদারভাবে অব্যাহত থাকবে।
জেএইচআর
