মুখরোচক খাবার খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় তেমন নেই। সে তালিকায় পরোটার নাম তো থাকেই। তবে, বাইরের খাবারদাবার খাওয়ার ক্ষেত্রে একটা চিন্তা থেকেই যায় যে, সেগুলি স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করা হয়েছে কি না। অনেক সময়ই খাবারে ভেজাল থাকে, কখনও বা অপরিচ্ছন্ন ভাবে তৈরি করা যায়। সম্প্রতি তেমনই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল আকারের পাত্রে রয়েছে ময়দা। হাতের বদলে পা দিয়ে মাখা হচ্ছে সেই বিপুল পরিমাণ ময়দা। সে কাজ করছেন দুই ব্যক্তি। এর পর বিরাট আকারের একটি পরোটা বেলা হয়। আর তার পাশেই একটি কড়াইয়ে ভাজা হতে থাকে সেই পরোটা। ক্যামেরায় ধরা পড়েছে পাশে আরও বহু পরোটা ভেজে রাখা আছে।
সংবাদ
প্রতিবেদন অনুসারে, ঘটনাটি রাজস্থানের ভীলওয়ারার। ‘এসএসকেসিংহ৮৪’ নামের এক্স (সাবেক
টুইটার) হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই
করেনি আনন্দবাজার ডট কম। পরোটাগুলি কোনও খাবারের দোকানে বিক্রি হবে না কি কোনও ভোজের আসরের জন্য তৈরি করা হচ্ছিল, তা যদিও জানা যায়নি ভিডিয়োটি থেকে।
ভিডিয়োটি দেখে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। কয়েক হাজার বার দেখা হয়েছে সেটি। খাবার তৈরির এমন পদ্ধতি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন বহু নেটাগরিক। এক জন লিখেছেন, “এই কাণ্ড দেখার পর আজীবনের মতো পরোটা খাওয়ার ইচ্ছে ঘুচে গেল আমার।” আর এক জনের মন্তব্য, “দেখেই ঘেন্নায় গা গুলিয়ে উঠছে!”
