Published on
:
2 min read
তেল ছাড়া এয়ার ফ্রায়ারে রান্না করা যায়। সময়ও কম লাগে। পাশাপাশি ঝক্কিও কম পোহাতে হয়। তাই পুজোর দিনে আপনার সঙ্গী হতে পারে এয়ার ফ্রায়ার। বাড়িতে বন্ধুবান্ধব এলে কিনে ফিশ টাক্কা খাওয়ানোর দরকার নেই। এয়ার ফ্রায়ারেই বানিয়ে নিতে পারেন ফিশ টিক্কা। ম্যারিনেট করে, সময় সেট করে এয়ার ফ্রায়ারের মধ্যে বসিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু সঠিক উপকরণ এবং পদ্ধতি না জানলে সুস্বাদু হবে না ফিশ টিক্কা। তাই এয়ার ফ্রায়ারে কী ভাবে ফিশ টিক্কা বানাবেন, রইল টিপস।
এয়ার ফ্রায়ারে ফিশ টিক্কা তৈরি করার সহজ উপায়
উপকরণ
৫০০ গ্রাম ভেটকি, ৩ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১ চা চামচ কসৌরি মেথি, ১ টেবিল চামচ সর্ষের তেল বা মাখন এবং স্বাদমতো নুন। ভেটকির বদলে স্যামন বা বাসা মাছও ব্যবহার করতে পারেন।
প্রণালী
টিক্কা তৈরির জন্য মাছটা দু’বার ধরে ম্যারিনেট করতে হবে। প্রথমে, মাছ ধুয়ে নিয়ে নুন ও লেবুর রস ম্যারিনেট করে রাখুন। ১৫ মিনিটে পরে আবার দই দিয়ে ম্যারিনেট করুন।
দইয়ে সমস্ত গুঁড়ো মশলা এবং আদা-রসুন বাটা মিশিয়ে নিন। এই মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট করে এক থেকে দেড় ঘণ্টা রেখে দিন।
এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে মাছগুলো রান্না করুন। ১২-১৫ মিনিট রান্না করতে হবে। ৭-৮ মিনিট বাদে এয়ার ফ্রায়ার অফ করে মাছগুলো একবার উল্টে দিতে হবে। খেয়াল রাখবেন, দু’দিক যেন খুব ভালো করে সিদ্ধ হয়।
এয়ার ফ্রায়ার থেকে বের করে পরিবেশন করুন ফিশ টিক্কা। সঙ্গে অনিয়ন স্যালাড এবং পুদিনার চাটনি অবশ্যই রাখবেন।
FAQ
১. এয়ার ফ্রায়ারে ফিশ টিক্কা বানাতে কোন মাছ ব্যবহার করবেন?
ভেটকি, স্যামন বা বাসা মাছ ব্যবহার করতে পারেন।
২. ফিশ টিক্কা বানাতে কী কী উপকরণ লাগবে?
মাছ, দই, আদা-রসুন বাটা, লেবুর রস, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কসৌরি মেথি ও নুন লাগবে।
৩. মাছ কতক্ষণ ম্যারিনেট করবেন?
প্রথমে নুন ও লেবুর রসে ১৫ মিনিট এবং পরে দই-মশলার মিশ্রণে ১-১.৫ ঘণ্টা ম্যারিনেট করুন।
৪. এয়ার ফ্রায়ারে কত ডিগ্রি তাপমাত্রায় ফিশ টিক্কা রান্না করবেন?
১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১২-১৫ মিনিট রান্না করুন। মাঝপথে মাছ উল্টে দিন।
৫. ফিশ টিক্কার সঙ্গে কী পরিবেশন করবেন?
অনিয়ন স্যালাড ও পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন।
