ব্যালন ডি’অর জিতলে লন্ডনে উৎসব করবেন ইয়ামাল

প্রভাত স্পোর্টস : বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। গত বছরও তিনি সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। এমনকি প্যারিসে উদযাপনের আগাম প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। একইভাবে এবারের ব্যালন ঘোষণার আগেও অগ্রীম প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’ জানিয়েছে, এবার নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বেশি দেখছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পেলে তিনি পরিবারের সঙ্গে উদ্যাপনে খরচের ব্যাপারে কোনো কার্পণ্য করতে চান না।
আরেক গণমাধ্যম ‘কাদেনা কোপ’-এর তথ্যমতে, আগামী সোমবার (২৬ অক্টোবর) লন্ডনে যাওয়ার জন্য ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করেছেন ইয়ামাল। তার সঙ্গে থাকবেন মা-বাবা শেইলা এবানা ও মুনির নাসরাউই, সঙ্গী ইনেস গার্সিয়া, পরিবারের সদস্য, বন্ধু এবং ঘনিষ্ঠজনরা। ওই বহরে ইয়ামালের ব্যবস্থাপনা দলের সদস্যরাও থাকবেন।
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন এবার ৭০তমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার দিতে যাচ্ছে। বিশেষ এই বছরে ১৯৫৬ সালে পুরস্কারটির ইতিহাসের প্রথম ব্যালন ডি’অরজয়ী ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথিউসের সম্মানে অনুষ্ঠানটি তার দেশে আয়োজিত হবে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পুরস্কারের সূচনাকে স্মরণ করতে এবার ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে লন্ডনকে।
এদিকে, গত তিন বছর ধরে এই পুরস্কার আয়োজনে ফ্রান্স ম্যাগাজিনের সঙ্গে রয়েছে উয়েফা। ব্যালন ঘোষণার দিন সোমবার সকাল গড়িয়ে দুপুরের আগে ইয়ামালের উড়োজাহাজ লন্ডনের উদ্দেশে রওনা হবে। শহরের ওয়েস্ট এন্ড এলাকায় অবস্থিত লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
গত বছরও ব্যালন ডি’অর জিতলে প্যারিসে উদ্যাপনের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার জেতেন উসমান দেম্বেলে। ফলে থিয়েটার দ্যু শাতলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রাতেই ফিরতে হয়েছিল ইয়ামালকে। তবে তিনি সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ কোপা ট্রফি জিতেছিলেন।
প্রসঙ্গত, সর্বশেষ মৌসুমে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটিয়েছেন। বার্সার হয়ে লা লিগা এবং সুপারকোপা এবং ১৯ বছর বয়সেই স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। বার্সার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল এবং ১৮ অ্যাসিস্ট করেছেন তিনি। বিশ্বকাপে ১টি করে গোল-অ্যাসিস্ট ছাড়াও মাঠে তার উপস্থিতি ছিল প্রাণবন্ত। তবে সাম্প্রতিক প্রায় গণমাধ্যমের খবরে ইয়ামালের চেয়ে এবার ব্যালনের দৌড়ে হ্যারি কেইনকে এগিয়ে রেখেছে।
More News Of This Category

