গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক এসআই ও পুলিশের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।
আহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। গুরুতর আহত জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাড়িচালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে নিয়ে থানায় ফিরছিল পুলিশের দলটি।
পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘোড়াশালগামী দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।
পরে সহকর্মী পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের এক সদস্য ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত এসআই জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।
ওসি আরও জানান, পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
