বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন কাজ নিয়ে ব্যস্ত থাকেন সব সময়। তবে এবার চিকিৎসকদের পরামর্শে কাজ থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা জানিয়েছেন এই অভিনেতা। বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য কয়েক দিন কাজ থেকে দূরে থাকার পরামর্শ পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন অমিতাভ।
পোস্টে অমিতাভ লেখেন, ‘আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কয়েক দিন বিশ্রাম নেওয়া ও সুস্থ হয়ে ওঠার জন্য আমাকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাই কিছু লিখতে পারছি না।’
তবে চিকিৎসকেরা ঠিক কী কারণে তাকে বিরতি নিতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেতা। এই পরামর্শের সঙ্গে তার সাম্প্রতিক হাঁটুর চোটের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও কিছু বলেননি তিনি।
চলতি মাসের শুরুর দিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ অনুষ্ঠানের শুটিংয়ে হাঁটুতে আঘাত পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। সেদিন অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেওয়ার সময় মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে কথা বলার পরিবর্তে বসে থাকেন তিনি। দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছিল বলেও দর্শকদের জানান এই অভিনেতা।
অমিতাভ বলেন, ‘সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি অনুষ্ঠানের সূচনা বক্তব্য দিই। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি।’
কথা বলার সময় নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন তিনি। তবে চোট গুরুতর নয় বলে দর্শকদের আশ্বস্ত করেন অমিতাভ। অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় দাঁড়াবেন বলেও জানান তিনি। মূলত হাঁটুর অস্বস্তির কারণেই অনুষ্ঠানের শুরুর অংশে বসে ছিলেন এই অভিনেতা।
সম্প্রতি ৮৪তম জন্মদিন উদ্যাপন করেছেন অমিতাভ বচ্চন। বয়স বাড়লেও অভিনয় ও জনজীবনে সক্রিয় রয়েছেন তিনি। দীর্ঘদিনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বও পালন করছেন।
এর আগে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম টাম্বলারে অমিতাভের একটি পোস্টকে ঘিরে তার অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন তিনি। অমিতাভ জানান, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা বলেননি, বরং ঘুমাতে যাওয়ার কথা বুঝিয়েছিলেন।
/অ
