ভারতের সংগীত জগতের অন্যতম শীর্ষ তারকা অরিজিৎ সিং নতুন ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে মুম্বাইয়ে তার কনসার্টের সর্বোচ্চ মূল্যের প্যাকেজের দাম দাঁড়িয়েছে ১১ লাখ ৮০ হাজার রুপি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে নয়টি শহরে বড় পরিসরে কনসার্ট ট্যুরের ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। আগামী ৯ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে এ কনসার্ট সিরিজ। এরপর মে মাস পর্যন্ত পুনে, ইন্দোর, হায়দরাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লিসহ বিভিন্ন শহরে পারফর্ম করবেন তিনি।
জানা গেছে, আহমেদাবাদে কনসার্টের টিকিটের সর্বনিম্ন দাম ৯৯৯ রুপি। অন্যদিকে, মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ১৫ জনের জন্য ভিআইপি টেবিল প্যাকেজের দাম রাখা হয়েছে ১১ লাখ ৮০ হাজার রুপি। অন্যান্য শহরেও সর্বোচ্চ মূল্যের প্যাকেজের দাম ৭ থেকে ১০ লাখ রুপির মধ্যে।
প্রিমিয়াম এই প্যাকেজে থাকছে কাউচে বসার ব্যবস্থা, উন্নত মানের অ্যালকোহল, আলাদা প্রবেশপথ ও শৌচাগার ব্যবহারের সুবিধা। এমনকি অতিথিদের জন্য থাকবেন বিশেষ কনটেন্ট নির্মাতা, যিনি কনসার্টে তাদের মুহূর্তগুলো ধারণ করে রিল তৈরি করে দেবেন। এরই মধ্যে সর্বোচ্চ মূল্যের এই ক্যাটাগরির প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া অরিজিৎ সিং পরবর্তী সময়ে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী হয়ে ওঠেন। তবে কয়েক মাস আগে প্লেব্যাক সংগীত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এরপর বড় পর্দার গানে তাকে খুব একটা পাওয়া যায়নি। তবে সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ সিনেমার ‘জয় জয় রাম’ গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
