নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক আবু শামীম আজাদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
মামলাটিতে আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলাটির নম্বর ১৯, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪। মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন সেলিনা হায়াৎ আইভী। পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও মেয়র আইভীর পুনরায় জামিনের দিন ধার্য ছিল। এদিন আদালতে পুনরায় জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
