জ্বালানি সংকট মোকাবিলায় সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে সারাদেশের প্রায় ৫শ মাঠ কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হবে। ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ সিদ্ধান্ত বাস্তবায়নে সংস্থাপন শাখাকে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় নীতিগতভাবে একমত। তবে মাঠপর্যায়ের অফিসসমূহের ভার্টিক্যাল এক্সটেনশন-সংক্রান্ত চলমান প্রকল্পের বিষয়টি অনাপত্তিপত্রে উল্লেখপূর্বক প্রয়োজনীয় অনাপত্তি প্রদান করতে হবে। এ ছাড়া ভোটার নিবন্ধন ফরম-২ হালনাগাদকরণ-সংক্রান্ত প্রস্তাব ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে মাঠপর্যায়ের অফিসসমূহের সরঞ্জামাদির স্টক এবং সচল ও অচল সরঞ্জামাদির হালনাগাদ তালিকা প্রস্তুত করে আগামী সমন্বয় সভায় উপস্থাপন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রথম শ্রেণির কর্মকর্তাদের পিএটিসিতে দুই মাস মেয়াদি স্পেশাল ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের পরিবর্তে পূর্বের ন্যায় ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্তও নিয়েছে ইসি।
