প্রথমবারের মতো মা হয়েছেন অভিনেত্রী ও সাবেক লাক্স তারকা নাফিজা জাহান। যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছবি প্রকাশ করে মা হওয়ার অনুভূতি জানিয়েছেন নাফিজা। তাঁর স্বামী রাজীব হাসানও বাবা হওয়ার সুখবর জানিয়েছেন।
মা হওয়ার পর ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের একটি ছবি প্রকাশ করেন নাফিজা। মেয়েকে নিজের জীবনের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেন তিনি। তবে কন্যাসন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ জানাননি এই অভিনেত্রী।
অন্যদিকে, রাজীব হাসান ফেসবুকে হাসপাতালের বিছানায় নবজাতককে নিয়ে শুয়ে থাকা স্ত্রীর একটি ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, আল্লাহ আমাদের ঘরে এক ফুটফুটে কন্যাসন্তান দান করেছেন। এই অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।’
নাফিজার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বর মাসে। নিউইয়র্কে আয়োজিত তাঁর বেবি শাওয়ার অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন মডেল মোনালিসা, অভিনেত্রী নোভা ফিরোজ ও চিত্রনায়ক কাজী মারুফ।
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নাফিজা জাহান। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘৪২০’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’ ও ‘আমাদের গল্প’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
২০১৩ সালে অভিনয়জীবনের ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নাফিজা। ২০১৫ সালে এক প্রবাসীর সঙ্গে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন তিনি। এবার তাঁদের ঘরে কন্যাসন্তানের আগমনে নতুন অধ্যায় শুরু হলো।
এমএম/
