বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন ২৬ বছর বয়সী নাহিদা। বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি এই স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ১১৩টি টি-টোয়েন্টি। এ সংস্করণে তাঁর শিকার ১৩২ উইকেট।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের মধ্যে নারী টি-টোয়েন্টিতে উইকেটসংখ্যার দিক থেকে পঞ্চম স্থানে রয়েছেন নাহিদা।
অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারির বয়স ২৪ বছর। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি খেলেছেন ৭২টি টি-টোয়েন্টি। এ সংস্করণে এক হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন সোবহানা। তাঁর আগে এই অর্জন ছিল নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের।
নতুন অধিনায়ক নাহিদা ও সহ-অধিনায়ক সোবহানার সামনে প্রথম বড় দায়িত্ব আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমএস/
