সংবাদ বিজ্ঞপ্তি · ২০ অক্টোবর, ২০২৬ ৯:০৪ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমার চন্ডিপুলে অনুষ্ঠেয় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। ২১ অক্টোবর এই সমাবেশ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টায় সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা শেষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। তার এ আশ্বাসের ভিত্তিতে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, গত ১৮ অক্টোবর সিলেটের কোর্ট পয়েন্টে তিন দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে পরিবহন শ্রমিকেরা অংশ নেন। সেখানে সিলেটের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বক্তব্য দেন এবং পূজা শেষে আলোচনার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতেই চলমান কর্মসূচির অংশ হিসেবে ডাকা মহাসমাবেশটি স্থগিত করা হয়।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া আহমেদ, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালক জোট ২০৯৭-এর সভাপতি মো. মতাছির আলী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি সানুর মিয়া, ৭০৭ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদ এবং ৭০৭ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী ও এম বরকত আলী।
গুগলে আমাদের খবর পেতে
