১৪ অক্টোবর ‘বি বল্ড অ্যান্ড বি ফ্রি ডে’ উপলক্ষে দেখে নেওয়া যাক বিশ্বের ৫ বল্ড অ্যান্ড হ্যান্ডসাম ব্যক্তিত্বকে।
শুধু মাথাভর্তি চুল নয়, টাক মাথাতেও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে ওঠা যায়। হলিউডের অ্যাকশন তারকা থেকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, টাক মাথা আর নিজস্ব স্টাইলেই পরিচিতি পেয়েছেন তাঁরা। আজ ‘বি বল্ড অ্যান্ড বি ফ্রি ডে’ উপলক্ষে দেখে নেওয়া যাক এমন পাঁচ ব্যক্তিত্বকে।
১. প্রিন্স উইলিয়াম

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের টাক মাথা এখন তাঁর স্বতন্ত্র পরিচয়ের অংশ। রাজকীয় অনুষ্ঠান হোক কিংবা আনুষ্ঠানিক বৈঠক, বেশির ভাগ সময় তাঁকে দেখা যায় স্যুট, শার্ট ও টাইয়ে। চুলের ঘনত্ব কমে আসার পরও চেহারা নিয়ে বাড়তি আড়াল বা পরিবর্তনের চেষ্টা না করে স্বাভাবিকভাবেই জনসমক্ষে উপস্থিত হন তিনি। ২০২১ সালে লনজেভিটা নামের একটি প্রতিষ্ঠানের অনলাইন অনুসন্ধানভিত্তিক সমীক্ষায় তাঁকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টাক মাথার পুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে এটি বৈজ্ঞানিক মূল্যায়ন নয়; অনলাইন অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে তৈরি একটি সমীক্ষা।
২. ডোয়াইন ‘দ্য রক’ জনসন

রেসলিংয়ের মঞ্চ আর হলিউড দুই জায়গাতেই জনপ্রিয় ডোয়াইন জনসন। ‘দ্য রক’ নামেই পরিচিত এই মার্কিন তারকার কামানো মাথা ও পেশিবহুল শরীর তাঁকে অন্যদের চেয়ে করেছে আলাদা। অ্যাকশন ছবিতে দৃঢ় উপস্থিতির পাশাপাশি লালগালিচায় স্যুট কিংবা সাধারণ টি-শার্টেও দেখা যায় তাঁকে। সব পোশাকেই সাবলীল দ্য রক। তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত ব্যক্তিত্ব টাক মাথার লুককেও করে তুলে আকর্ষণীয়।
৩. জেসন স্ট্যাথাম

ব্রিটিশ অভিনেতা জেসন স্ট্যাথামের পরিচিত স্টাইলই হলো কামানো মাথা, হালকা দাঁড়ি আর পরিমিত পোশাক। ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘দ্য এক্সপেন্ডেবলস’ ও ‘দ্য মেগ’-এর মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিজের চেহারাকে আলাদা করে বদলে ফেলার চেষ্টা নয়, বরং কামানো মাথা ও পরিচ্ছন্ন সাজের সমন্বয়েই তৈরি হয়েছে তাঁর স্বতন্ত্র উপস্থিতি।
৪. ভিন ডিজেল

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ডমিনিক টরেটো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ভিন ডিজেল। কামানো মাথা, ভারী কণ্ঠস্বর ও দৃঢ় উপস্থিতি তাঁর পর্দার পরিচিত রূপ। এই চেহারাই হয়ে উঠেছে তাঁর ব্যক্তিগত পরিচিতির অংশ। লালগালিচায়ও বল্ড লুকে বেশ সাবলীল ভিন ডিজেল।
৫. প্যাট্রিক স্টুয়ার্ট

‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’ সিরিজের সুবাদে পরিচিত ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড ও প্রফেসর চার্লস জেভিয়ার—দুই চরিত্রেই তাঁর টাক মাথা হয়ে উঠেছে স্বতন্ত্র পরিচয়ের অংশ। নিজের চেহারাকে আড়াল করার বদলে পর্দায় ও জনসমক্ষে স্বাভাবিকভাবেই উপস্থিত হন তিনি। পোশাক, সংযত অভিব্যক্তি ও মার্জিত উপস্থাপনায় তাঁর স্টাইলেও ফুটে ওঠে আত্মবিশ্বাস।

চুল থাকা বা না থাকা, ব্যক্তিত্ব কিংবা আকর্ষণ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয়। নিজের চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করা এবং ব্যক্তিত্বের সঙ্গে মানানসই স্টাইল বেছে নেওয়াই আসল। এই পাঁচ ব্যক্তিত্বের পরিচিত লুক সেই কথাই মনে করিয়ে দেয়।
