প্রকাশিত: ১৪:৪৭, ১৫ অক্টোবর ২০২৬
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের নদীতে মাছ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়ছে। এ সময় ছয়টি নৌকা জব্দ এবং ১০ মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন।
অভিযান প্রসঙ্গে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, নৌ পুলিশের একটি বিশেষ দল চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে অভিযান চালায়। এ সময় মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ছয়টি ইঞ্জিনচালিত নৌকাসহ ২১ জন জেলেকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ১০ মণ ইলিশ মাছ ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ছয়টি নিয়মিত মামলা করা হয়েছে।
চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করে। এ সংক্রান্তে মোট ২৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
