দরিদ্র ঘরের মেয়ে রাধিকা। দেখতে খুব মিষ্টি, তবে কঠিন প্রকৃতির মেয়ে। গ্রামে ঘুরে ঘুরে সে লাউ, শশা, কুমড়ো যখন যেটা পাওয়া যায়, সংগ্রহ করে। সেটা এনে বাজারে বিক্রি করে। দেখতে সুন্দর বলে অনেকেরই দৃষ্টি তার দিকে। সবজির দরদামের ছলে তার সঙ্গে কথা বলতে চায়। কিন্তু তার কঠিন মেজাজের কারণে ভয়ে দূরে সরে যায় সবাই।
রাধিকা কাউকে বিশ্বাস করে না। বাজারে সবজি বিক্রি শেষে যা পায়, তা দিয়ে চাল-ডাল কিনে বাড়ি ফেরে। বৃদ্ধ বাবাকে নিয়ে তার জীবন।
আরও পড়ুন
রাধিকার প্রেমে পড়ে জেলে পরিবারের ছেলে মাধব। বাজারে এসে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু সামনে গিয়ে রাধিকার সঙ্গে কথা বলার সাহস পায় না। বিষয়টা খেয়াল করে রাধিকা। অন্যদের চেয়ে মাধবকে একটু আলাদা মনে হয় তার। তাই নিজে থেকে কিছুটা প্রশ্রয় দেয় মাধবকে। সরাসরি না বললেও মাধব তার আচার আচরণে বুঝিয়ে দেয় রাধিকাকে সে ভালোবাসে। এক পর্যায়ে রাধিকাও দুর্বল হয়ে পড়ে মাধবের প্রতি। দুজন একে-অপরকে ভালোবেসে ফেলে। ঘর বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হবে? তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে?

এ প্রশ্নের উত্তর মিলবে ‘রাধিকা’ নাটকে। কারণ উল্লেখিত গল্পটি এই নাটকের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বিজয়া দশমীতে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটী।
আমানুল হক হেলালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরহাদ আলম। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মিহি আহসান, রানা চৌধুরী, জয়রাজসহ আরও অনেকে।
কেআই
