The Sangbad · রাজনীতি
ইলিশের উৎপাদন কমার কারণ খুঁজছেন বিজ্ঞানীরা : মৎস্যমন্ত্রী
১৩/১০/২০২৬

ইলিশের উৎপাদন দিন দিন কমে যাওয়ার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের মাধ্যমে গবেষণা চালাচ্ছে সরকার। একই সঙ্গে ইলিশের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ এবং সেসব পদক্ষেপ বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম দাসাদী বড় খানবাড়ি মাঠে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের নিষেধাজ্ঞাকালীন সময়ে খাদ্যসহায়তা প্রদানের লক্ষ্যে আয়োজিত ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, মা ইলিশ রক্ষায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও শুধু সরকারি উদ্যোগে অবৈধভাবে মা ইলিশ শিকার বন্ধ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে জেলেদেরও এগিয়ে আসতে হবে। জেলেদের মধ্যে এমন সচেতনতা তৈরি করতে হবে, যাতে তারা বুঝতে পারেন, মা ইলিশ শিকার করলে ভবিষ্যতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হবে।তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনা করে সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক এবং চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।সভা শেষে প্রধান অতিথি নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করেন। এর আগে তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম সরেজমিন দেখার জন্য মেঘনা নদী পর্যবেক্ষণ করেন।
মূল প্রতিবেদনে যান ↗