Published on
:
2 min read
ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাস গড়লেন ভারতের বিশ্বজিৎ রামচন্দ্র মোরে। লাস ভেগাসে আয়োজিত U23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন তিনি। পুরুষদের ৫৫ কেজি গ্রেকো-রোমান বিভাগের ফাইনালে একটুর জন্য সোনা হাতছার হলো তাঁর। বৃহস্পতিবার ফাইনালে জর্জিয়ার কোবা কারুমিদজের কাছে মাত্র এক পয়েন্টে হেরে রুপো জিতলেন বিশ্বজিৎ রামচন্দ্র মোরে। শেষ মুহূর্তে ১২-১৩ ব্যবধানে হেরে সোনা হাতছাড়া হলেও নতুন নজির গড়েছেন বিশ্বজিৎ। অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে গ্রেকো-রোমান বিভাগে রুপো জেতা প্রথম ভারতীয় রেসলার হলেন তিনি।
এর আে এই প্রতিযোগিতায় দু’বার ব্রোঞ্জ জিতেছিলেন বিশ্বজিৎ। ফলে U23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপের গ্রেকো-রোমান বিভাগে দু’টি পদক জেতা একমাত্র ভারতীয় কুস্তিগির হলেন বিশ্বজিৎ। এ বার ফাইনালে উঠে সোনার পদক জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু অল্পের জন্য লক্ষ্য পূরণ হলো না তাঁর।
তিনটি কঠিন ম্যাচে জয় পেয়ে ফাইনালে
ফাইনালে পৌঁছনোর আগে পর পর তিনটি কঠিন ম্যাচ জিতেছিলেন বিশ্বজিৎ। প্রথম রাউন্ডে মেক্সিকোর আইজ্যাক মারিন মাতাকে ১০-৮ ব্যবধানে হারান তিনি। কোয়ার্টার ফাইনালে ইরানের অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন আরমিন শামসিপুরকে ৮-১ ব্যবধানে পরাজিত করেন ভারতীয় কুস্তিগির। সেই ম্যাচে চার পয়েন্টের একটি দুরন্ত থ্রো করেন তিনি।
এর পরে সেমি ফাইনালে রাশিয়ার মালিক গিগিয়েভের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জয় পান বিশ্বজিৎ। ফাইনালে U23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের গ্রেকো-রোমান বিভাগে ভারতের প্রথম সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের লড়াইয়ে জর্জিয়ার প্রতিপক্ষের কাছে হারতে হয় তাঁকে।
ভিসা বিতর্কে ধাক্কা ভারতের অভিযানেও
বিশ্বজিতের সাফল্যের পাশাপাশি ভারতীয় দলের নাম জড়িয়েছে ভিসা বিতর্কে। গ্রেকো-রোমান ও মহিলাদের বিভাগ মিলিয়ে ভারতের ন’জন কুস্তিগিরের আমেরিকান ভিসা বাতিল করা হয়েছে। তাঁদের বয়স ২০ বছরের কম এবং তাঁরা পূর্ণ সময়ের জন্য চাকরি (Full Time Employee) করেন না—এই কারণ দেখিয়ে ভিসা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি সঞ্জয় সিং। তাঁর দাবি, ভিসা না পাওয়ার কারণে পদক জয়ের অনেক সুযোগ কমেছে ভারতের।
IANS-কে এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, ‘মার্কিন দূতাবাস ন’জন ভারতীয় কুস্তিগিরের ভিসা প্রত্যাখ্যান করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁরা বেকার। ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। UWW-র সভাপতিও এই বিষয়ে তাদের চিঠি লিখেছিলেন। ভিসা প্রত্যাখ্যানের জন্য সম্পূর্ণভাবে দায়ী মার্কিন দূতাবাস। এর ফলে ভারত সোনার পদক জয়ের সুযোগ হারিয়েছে। ওঁদের মধ্যে অন্তত দু’জনের সোনা জয়ের যথেষ্ট সম্ভাবনা ছিল।’ সব বিতর্কের মধ্যেও বিশ্বজিতের রুপো ভারতীয় গ্রিকো-রোমান কুস্তির জন্য বড় সাফল্য।
