
চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৫৪৮
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৭৩ জন, আগের মামলায় ৯০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪০ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানাভুক্ত ৯৯ জন, সাজা পরোয়ানাভুক্ত ১৬ জন এবং মাদক মামলায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৬৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় মাদকদ্রব্য-সংক্রান্ত ৩১টি মামলা করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ লাখ ২ হাজার ১৮৭টি ইয়াবা ট্যাবলেট, ২৪৮ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, চারটি গাঁজাগাছ, চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয় বোতল বিদেশি মদ।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় নয়জন, চট্টগ্রামে তিনজন, চাঁদপুরে তিনজন, নোয়াখালীতে চারজন, কক্সবাজারে একজন এবং রাঙামাটিতে একজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৪৪ জনকে। তাঁদের মধ্যে ১০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৩৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ১৬ জন, খাগড়াছড়িতে ১৪ জন, কক্সবাজারে ১২ জন, লক্ষ্মীপুরে নয়জন এবং রাঙামাটিতে পাঁচজনকে আটক করা হয়েছে।
