ঢাকার ধামরাইয়ে ম্যানহোলের ভেতর আটকে পড়া এক মানসিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামপুরে মুন্নু সিরামিকসের সামনে এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ম্যানহোলে একজন আটকে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ধামরাই ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় যুবকটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার হওয়া যুবক মানসিক প্রতিবন্ধী। তাঁর নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
তবে কীভাবে ওই যুবক ম্যানহোলের ভেতরে আটকে পড়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
