ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
গোলের সহজ সুযোগ হাতছাড়া, পেনাল্টি থেকে লক্ষ্যভ্রষ্ট শট- ক্রিশ্চিয়ানো রোনালদোর রাতটা কাটল হতাশায়। তবে পর্তুগিজ মহাতারকার ব্যর্থতার দিনে স্বস্তি পেয়েছে আল নাসর। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে মঙ্গলবার সৌদি প্রো লিগে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর অবশ্য গোলের ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। সাদিও মানের বাঁ-দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু ৪৭তম মিনিটে বাঁ-পায়ের শটে বল জালে পাঠানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এরপর পেনাল্টি থেকে ব্যবধান গড়ার আরেকটি সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু এবারও হতাশ করেন পর্তুগিজ অধিনায়ক। জোরালো শট নিলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়।
রোনালদো যখন গোলের জন্য লড়ছিলেন, তখন দলের ত্রাতা হয়ে আবির্ভূত হন জোয়াও ফেলিক্স। ম্যাচের ৬১তম মিনিটে একমাত্র গোলটি করেন এই পর্তুগিজ তারকা। তার করা একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে আল নাসর।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট অর্জন করেছে তারা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নিওম। এদিকে সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন কাদসিয়া। আর ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল-হিলাল।
খুলনা গেজেট/এনএম
