প্রকাশিত: ১৭:৩৯, ১৩ অক্টোবর ২০২৬ আপডেট: ১৭:৪১, ১৩ অক্টোবর ২০২৬
আবুধাবি টেস্টের শেষ দিনের শেষ সেশনের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর ফিরে এসে ৬৯ বলে ৩৬ রান করা হাশমতউল্লাহ শহিদিকে সাজঘরে ফেরান এই স্পিনার। তাতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ৪ উইকেট।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন সেদিকুল্লাহ আতাল। লিটন দাসের স্টাম্পিংয়ের সুযোগ মিসের পর জীবন পেয়ে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন এই আফগান ওপেনার। ২৭৭ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তাঁর ব্যাটে ভর করে ম্যাচে ফেরার আশা দেখছে আফগানিস্তান।
৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানরা। দিনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শহিদি। পরে আতালের সঙ্গে জুটি বাঁধেন ইকরাম আলীখিল। লাঞ্চের ঠিক আগে এবাদত হোসেনের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ৩৩ রান করে ফেরেন ইকরাম। এরপরও আতালকে থামাতে পারেনি বাংলাদেশের বোলাররা।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ৮২, মুশফিকুর রহিমের ৮১ ও লিটন দাসের ১০২ রানের ইনিংসে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দেয় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৪৬ রান। জবাবে রহমত শাহর ১০৫ রানের ইনিংস সত্ত্বেও ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
