আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানের বাজেপ্রতাপপুরে চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৫০০ টাকার ২০০টি জাল নোট। উদ্ধার হওয়া জাল নোটের মোট অঙ্ক এক লক্ষ টাকা। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জানা গিয়েছে, বর্ধমানের আলুডাঙা এলাকার বাসিন্দা শেখ লালন ভাতারের বলগোনা যাওয়ার জন্য চারচাকা গাড়ির মালিক শেখ আতাবুলের সঙ্গে যোগাযোগ করেন। ২ হাজার টাকা ভাড়ার বিনিময়ে লালন ও তাঁর স্ত্রী জসমিন বিবি ওই গাড়িতে বলগোনার উদ্দেশে রওনা দেন। পথে টোটন শেখ নামে আরও এক ব্যক্তি গাড়িতে ওঠেন।
অভিযোগ, বলগোনা থেকে ফেরার পথে বাজেপ্রতাপপুর এলাকায় গাড়ি থামাতে বলেন শেখ লালন। ভাড়া বাবদ গাড়ির মালিক আতাবুলের হাতে চারটি ৫০০ টাকার নোট তুলে দেন তিনি। নোটগুলি পরীক্ষা করতে গিয়ে আতাবুলের সন্দেহ হয়। তাঁর নজরে আসে, চারটি নোটের নম্বর একই। এরপরই নোটগুলি জাল বলে সন্দেহ করে পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগ থেকে ৫০০ টাকার ২০০টি জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ১৬০টির নম্বর একই, বাকি ৪০টি নোটের নম্বর আলাদা। পাশাপাশি, গাড়ির চালকের কাছে থাকা আরও চারটি ৫০০ টাকার জাল নোটও বাজেয়াপ্ত করা হয়।
এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এত বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সেগুলি ছাপানো হয় এবং কীভাবে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানারও চেষ্টা চলছে।
