শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন বিদুষী বর্ণিতা। এরপর বিরতি। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার পর শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’–তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব সিনেমাটি মুক্তি পাবে ২৯ অক্টোবর।
মাত্র তিন বছর বয়সে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ দিয়ে শুরু। নাসির উদ্দীন ইউসুফের গেরিলা চলচ্চিত্রেও তাঁকে দেখা গেছে। তবে মাঝখানে প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর আবারও পর্দায় ফিরছেন রাজশাহীর মেয়ে বর্ণিতা।
লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ক্যাফে আমব্রেলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চান না তিনি। তবে এটুকু জানিয়েছেন, চরিত্রটি তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মেলে না। বরং এ ধরনের চরিত্রে অভিনয় করাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। বর্ণিতার ভাষ্যে, ‘আমি যে রকম বা মানুষ হিসেবে আমি যেমন, তার থেকে একদম আলাদা ধরনের চরিত্র করতে চাই।’
শুরুতেই কেন এমন চ্যালেঞ্জিং চরিত্র বেছে নিতে চেয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল মানুষ আমাকে যেভাবে দেখে এসেছে, তার থেকে ভিন্ন কিছু দিয়ে শুরু করলে হয়তো দর্শকেরা পছন্দ করতে পারেন।’

এতে বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। জুটি হিসেবে তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন তিনি, ‘অনেক ভালো, অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। কারণ, উনি মানুষ হিসেবে অনেক ভালো। একজন বড় ভাইয়ের মতো গাইড করেছেন, আবার বন্ধুর মতো করেও সহযোগিতা করেছেন।’
ভিন্নধর্মী চলচ্চিত্রে আগ্রহ
অভিনয়ের ক্ষেত্রে নিজের পছন্দের জায়গা নিয়ে স্পষ্ট এই অভিনেত্রী। প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরেও চ্যালেঞ্জিং ও নিরীক্ষাধর্মী কাজে অভিনয় করতে চান তিনি। তাঁর ভাষায়, ‘অডিয়েন্স হিসেবে সব সময় একটু চ্যালেঞ্জিং কাজ দেখতে পছন্দ করি।’
চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার মতো চলচ্চিত্রের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। এ ধরনের কাজের গল্প ও নির্মাণশৈলী তাঁকে টানে। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে ফেস্টিভ্যালের কাজগুলো আমার ভালো লাগে। এগুলো অনেক ডিফারেন্ট হয়, অনেক ইন্টেলেকচুয়াল হয়।’

ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে আগ্রহী তিনি। তাঁর মতে, এ মাধ্যমে গল্প বলার ক্ষেত্রে নিরীক্ষার সুযোগ বেশি। বাংলাদেশে ওটিটি কনটেন্টের অগ্রগতিও তাঁকে আশাবাদী করে তুলেছে।
টেলিভিশন নাটকে অভিনয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ভালো চিত্রনাট্য পেলে নাটকেও কাজ করতে চান। তবে আপাতত চলচ্চিত্র ও ওটিটির কাজের দিকেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
অভিনয়ে জয়া আহসানকে আদর্শ মানেন এই তরুণ অভিনেত্রী। তিনি বলেন, ‘ওনাকে আমার খুব পছন্দ।’ জয়া আহসানের অভিনয় এবং দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি তাঁকে অনুপ্রাণিত করে। তাঁর কাজ দেখে শেখার চেষ্টা করেন তিনি।
পছন্দের পরিচালকদের মধ্যে ক্রিস্টোফার নোলান, তারেক মাসুদ, মেজবাউর রহমান সুমন, রায়হান রাফী, তানিম নূরের কথা বলেন বর্ণিতা।
সামনে কী
‘ক্যাফে আমব্রেলা’র পাশাপাশি আরেকটি সিনেমায় কাজের কথাবার্তা হয়েছে বর্ণিতার। সিনেমাটি রায়হান রাফীর পরিচালনা করার কথা, লাক্সে চূড়ান্ত পর্বের মঞ্চে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সেটির চিত্রনাট্য ও প্রস্তুতি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর বাইরে ইতিমধ্যে বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন বলে জানান তিনি। তবে লাক্সের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণে আপাতত এসব প্রস্তাবে সাড়া দিতে পারছেন না।

