চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযুক্তের মায়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইমদাদুল হক (২২) নামে এক যুবক।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন যুবক।
নিহত ইমদাদুল হক নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। অভিযুক্ত নাইস একই এলাকার মৃত মজনু খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন ইমদাদুল ও নাইস। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাইসের আচরণে ক্ষুব্ধ হয়ে ইমদাদুল নাইসের মায়ের কাছে নালিশ করতে তাদের বাড়িতে যান।
অভিযোগ রয়েছে, ইমদাদুল বাড়িতে গিয়ে নাইসের বিরুদ্ধে নালিশ করতেই নাইস একটি কাঠের বাটাম নিয়ে তাকে ধাওয়া করেন। এ সময় ইমদাদুল পালানোর চেষ্টা করলে বাড়ির পাশেই পড়ে যান। তখন নাইস তার মাথায় বাটাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে ইমদাদুলকে বাড়ির পাশে টিউবওয়েল ও ঘরের মধ্যবর্তী স্থানে বেড়ার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নেওয়ার পথে খাজানগর এলাকায় তার মৃত্যু হয়।
নাইসের মা জানান, ইমদাদুল তাদের বাড়িতে এসে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। তার দাবি, ইমদাদুল একটি লাঠি দিয়ে নাইসকে আঘাত করে পালানোর চেষ্টা করেন। এ সময় পড়ে গেলে নাইস বাটাম দিয়ে তার মাথায় আঘাত করেন।
এলাকাবাসী জানান, ইমদাদুল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক দিন আগে তিনি ঢাকায় গিয়েছিলেন। ফ্লাইট না হওয়ায় মঙ্গলবার বাড়িতে ফিরে আসেন। অন্যদিকে, নাইস কোনো কাজ করতেন না বলে দাবি স্থানীয়দের। তাদের ভাষ্য, নাইসের আচরণ ছিল উগ্র মেজাজের।
ঘটনার পর নাইস বাড়ি থেকে পালিয়ে লালব্রিজ এলাকায় চলে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবক তাকে দেখতে পেয়ে আটক করার চেষ্টা করেন। এ সময় তিনি পালিয়ে বধ্যভূমির দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, নওদাবন্ডবিল গ্রামের ইমদাদুল নামের এক যুবক অন্য এক যুবকের বাটামের আঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
