ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতনামা এক যুবক (২৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ । নিহত যুবকের পরনে ছিল কালো রঙের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। নিহতের শরীরে বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রীজের নীচ দিয়ে নৌকা যোগে পারাপারের সময় ব্রীজের পিলারের সাথে কচুরিপানায় আটকানো অবস্থায় একটি লাশ ভাসতে দেখে । পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ সদস্যরা বসিলা ব্রিজের পিলারের পাশ থেকে কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউল হক জানান, স্থানীয় লোকজন এর মুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশটি ধরালো অস্ত্র দিয়ে গলা কাটা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি অন্তত ৮-১০ দিন পানিতে থাকায় হাত -পায়ের চামড়া খসে পড়েছে। পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে অজ্ঞাত যুবকটিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য নদীতে ভাসিয়ে দেন। ময়নাতদন্তের রিপোর্ট ও পরিচয় জানা গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।
