‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’ কিংবা ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো সাম্প্রতিক সফল ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রগুলোর ধারাবাহিকতায় এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের কালজয়ী হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’। আগামী ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে নতুন এই অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমাটি। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য এটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত কাইলি মিনোগ ও জাঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত প্রথম সংস্করণের বহু বছর পর সম্পূর্ণ নতুন আবহে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। এবার গেমের সবুজ চামড়ার জনপ্রিয় চরিত্র ‘ব্ল্যাঙ্কা’ রূপে দেখা যাবে হলিউড তারকা জেসন মোমোয়াকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি এবং ডব্লিউডব্লিউই সুপারস্টার রোমান রেইন্স।
বিজ্ঞাপন
তবে দক্ষিণ এশীয় দর্শকদের জন্য সিনেমাটির সবচেয়ে বড় চমক ভারতের প্যান-ইন্ডিয়া অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল। গেমটির বিখ্যাত ‘ভারতের যোগী’ খ্যাত চরিত্র ‘ধালসিম’-এর ভূমিকায় বড় পর্দায় ঝড় তুলবেন তিনি। হলিউডের ফ্র্যাঞ্চাইজিতে তাঁর এই অন্তর্ভুক্তিতে রোমাঞ্চিত অ্যাকশনপ্রেমীরা।
সিনেমার গল্প গড়িয়েছে ১৯৯৩ সালের প্রেক্ষাপটকে ঘিরে। একসময়ের ঘনিষ্ঠ দুই বন্ধু ও মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্স দীর্ঘদিন পরস্পর বিচ্ছিন্ন থাকার পর রহস্যময়ী চরিত্র চুন-লি’র আহ্বানে আবারও লড়াইয়ের ময়দানে ফিরে আসে। তাদের অংশ নিতে হয় আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’-এ। তবে এটি কেবল ক্ষমতার লড়াই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক প্রাণঘাতী বিশ্বব্যাপী ষড়যন্ত্র। প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি নিজের অতীত ও ব্যক্তিগত দ্বন্দের সঙ্গে লড়াই করতে হবে দুই যোদ্ধাকে।
‘ব্যাড ট্রিপ’ খ্যাত পরিচালক কিতাও সাকুরাই পরিচালিত এই সিনেমায় প্রচলিত ভিডিও গেম অ্যাডাপ্টেশনের বাইরে গিয়ে বিশেষ পরাবাস্তব ও হাস্যরসাত্মক আবহ যুক্ত করা হয়েছে। পরিচালক জানান, গেমের ১৯৯০-এর দশকের আর্কেড ভিজ্যুয়াল ও নস্টালজিয়া অক্ষুণ্ন রেখেই আধুনিক লাইভ-অ্যাকশন অ্যাকশন মুভগুলোকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গেমপ্রেমীদের প্রত্যাশা, তারকাদের মেলা এবং রুদ্ধশ্বাস বাস্তবমুখী কারাতে ও কুংফু অ্যাকশনের কারণে ‘স্ট্রিট ফাইটার’ সিনেমাটি বক্স অফিসে নতুন আলোড়ন তুলবে। আগামী ১৬ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্সের পর্দায় দর্শকেরা উপভোগ করতে পারবেন এই বিশ্বখ্যাত রোমাঞ্চকর লড়াই।
