চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে।
পরে লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাইস খন্দকার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নাইস খন্দকার একই গ্রামের মৃত মজনু খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, ইমদাদুল হক ও নাইস খন্দকারের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তারা একে অপরকে নিয়ে মজা করতেন। বুধবার রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানে বসা ছিলেন। তুচ্ছ বিষয় নিয়ে মজা করার সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে নাইসের মায়ের কাছে অভিযোগ দিতে যান ইমদাদুল। এসময় নাইস বাটাম হাতে তাড়া করলে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান তিনি। তখন হাতে থাকা বাটাম দিতে ইমদাদুলের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন নাইস। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
একই এলাকার বাসিন্দা উজ্জল হোসেন জানান, ইমদাদুল বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। ফ্লাইট না হওয়ায় গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
