যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া একজন আইনজীবী। কিন্তু হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়ের পর তার যোগ্যতা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই আইনজীবী হিসেবে কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে বিষয়ে সাংবাদিকদের স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি। এরপর তার পেশাগত যোগ্যতা নিয়ে তদন্তের আবেদন করেছে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি সংগঠন। বুধবার হোয়াইট হাউসকে এ নিয়ে বাড়তি প্রশ্নের মুখে পড়তে হয়। ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি নামের একটি সংগঠন ক্যালিফোর্নিয়ার স্টেট বারে অভিযোগ দায়ের করে জাকারিয়ার পেশাগত পরিচয় তদন্তের আহ্বান জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, কোনো লাইসেন্স ছাড়াই বারবার নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আইন লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংগঠনটি বলেছে, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে জাকারিয়া নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি রক্ষণশীল অলাভজনক প্রতিষ্ঠানের জেনারেল কাউন্সেল হিসেবেও নিজের নাম উল্লেখ করেছেন তিনি। ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটির নির্বাহী পরিচালক মিশেল কুপারস্মিথ বলেন, নিজের সুনাম ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার জন্য মিস জাকারিয়া বারবার নিজেকে আইনজীবী হিসেবে উপস্থাপন করেছেন। তিনি আরও বলেন, নিজের পেশাগত যোগ্যতা সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছেন কি না, তা ক্যালিফোর্নিয়ার স্টেট বারের তদন্ত করা উচিত।
গত শুক্রবার জাকারিয়াকে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়ার সময় ট্রাম্প তাকে ‘একজন অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেন। কিন্তু সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে তার আইন পেশায় কাজের লাইসেন্স থাকার রেকর্ড খুঁজে পাননি। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জাকারিয়া বলেন, আমি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন নিয়ে কাজ করেছি এবং এ জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা আমার রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজের লাইসেন্স তার রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
কোন অঙ্গরাজ্যে, আদৌ কোথাও, আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়েছেন কি না, সেটিও জানাননি জাকারিয়া। মঙ্গলবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তিনি কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জবাবে তিনি বলেন, ‘আমি যখন চীনে চলে যাই।’
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে ক্যালিফোর্নিয়ার স্টেট বার নিশ্চিত করেছে, জাকারিয়ার বিবাহিত কিংবা বিয়ের আগের নাম- কোনোটির অধীনেই আইন পেশায় কাজের লাইসেন্স থাকার কোনো রেকর্ড তাদের কাছে নেই। ৪১ বছর বয়সী জাকারিয়া ২০১১ সালে পেপারডাইন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে আইন বিষয়ে ডিগ্রি থাকলেই স্বয়ংক্রিয়ভাবে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পাওয়া যায় না। চীনে বিদেশি নাগরিকদের বার পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ নেই। তবে দেশটির আইন প্রতিষ্ঠানগুলোতে তারা নির্দিষ্ট কিছু ধরনের আইনি কাজ করতে পারেন। পেশাগত পরিচিতিসংক্রান্ত তথ্য অনুযায়ী, জাকারিয়া আগে বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেছেন।
আইনজীবী হিসেবে যোগ্যতা নিয়ে বিতর্কের পাশাপাশি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেও সমালোচনার মুখে পড়েছেন জাকারিয়া। মঙ্গলবার তার প্রথম সংবাদ সম্মেলনটি চলে মাত্র ১৪ মিনিট। এ সময় প্রস্তুত করা নোট থেকে দীর্ঘ সময় ধরে পড়ে বক্তব্য দেন তিনি। প্রশ্ন নেয়ার ক্ষেত্রে মাত্র তিনটি সংবাদমাধ্যমকে সুযোগ দেন, যেগুলোকে ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হিসেবে বিবেচনা করা হয়। কয়েকটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খান জাকারিয়া। একপর্যায়ে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের স্বামী বলে উল্লেখ করেন তিনি।
তার এই পারফরম্যান্সের সমালোচনা করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকি। বর্তমানে টেলিভিশন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করা সাকি জাকারিয়ার সংবাদ সম্মেলনের সঙ্গে হাস্যরসাত্মক অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর একটি কৌতুক দৃশ্যের তুলনা করেছেন। তবে জাকারিয়ার প্রথম দিনের কাজের প্রশংসা করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, তিনি খুব ভালো করেছেন।’
আগস্টে পদত্যাগ করা ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছেন জাকারিয়া। ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেয়ার ক্ষেত্রে অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন লেভিট। তার পদত্যাগের পর নতুন প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান জাকারিয়া। আইনজীবী হিসেবে জাকারিয়ার যোগ্যতা নিয়ে তদন্তের দাবি এবং প্রথম সংবাদ সম্মেলনের সমালোচনা- দুই বিষয় মিলিয়ে হোয়াইট হাউসের নতুন মুখপাত্রকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল বা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
