আগাম ঘোষণা বা কন্ট্রোল রুমকে অবহিত না করে রেললাইন মেরামতের সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৩ আপ কর্ণফুলী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাঙ্গলকোট-লাকসাম সেকশনের ১২২/৭-৮ কিলোমিটারে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি কোচের চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাস্থলে পূর্ব ঘোষণা বা কন্ট্রোল রুমকে অবহিত না করেই রেললাইন খুলে মেরামতকাজ করা হচ্ছিল। বিষয়টি স্টেশন মাস্টার ও ট্রেনচালককে জানানো হয়নি। ফলে ট্রেনটি স্বাভাবিক গতিতে এসে আকস্মিক জরুরি ব্রেক করেও দুর্ঘটনা এড়াতে পারেনি।
দুর্ঘটনায় আপ লাইন বন্ধ হয়ে গেছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলেও জানানো হয়।
দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বুধবার রাত ৯টার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হবে বলে আশা করছে রেলওয়ে।
এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমন্বয়হীনভাবে রেললাইনে মেরামতকাজ পরিচালনার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এমএইচএন/বিআরইউ
