প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দুদেশের মধ্যে আটটির মতো সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন-চারটি স্বাক্ষরিত হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
আজ ঢাকায় প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
তিনি বলেন, কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা সহযোগিতা স্মারকের খসড়া নিয়ে আলোচনা চলছে। আগামী ২৬-২৯ অক্টোবর জাপান সফরকালে এসব স্মারকের কয়েকটি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) কার্যকর বাস্তবায়ন এবং নতুন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
