ইংল্যান্ডকে হারানোয় অবদান কম নয় হারিস রউফের, শেষ উইকেটে শাদাবের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন তিনি।
Published : 25 Oct 2026, 10:20 PM
Updated : 25 Oct 2026, 10:27 PM
জয় থেকে তখন ২১ রান দূরে পাকিস্তান, এলবিডব্লিউর আবেদনে শাদাব খানকে আউট দিলেন আম্পায়ার। জয়ের উল্লাসে ফেটে পড়ল ইংল্যান্ড। হতাশ শাদাব ড্রেসিং রুমের পথে হাঁটতে হাঁটতেই নিলেন রিভিউ। রিপ্লেতে দেখা গেল বল সামান্য স্পর্শ করেছে তার ব্যাটে। যেন বিশ্বাসই হচ্ছিল না শাদাব ও হারিস রউফের। জীবন পেয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি করলেন শাদাব, পাকিস্তানকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়।
লাহোরে রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ১ উইকেটের নাটকীয় জয়ে অবদান কম নয় হারিফ রউফের। শেষ উইকেটে শাদাবের সঙ্গে ৮৯ রানের জুটি গড়েন তিনি। ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ায় দশম উইকেটে যা সর্বোচ্চ।
ত্রিদেশীয় সিরিজের ম্যাচটির প্রথমভাগে আলো ছড়ান বেন ডাকেট। খাদের কিনার থেকে ইংল্যান্ডকে লড়ার মতো পুঁজি এনে দেন তিনি দারুণ এক সেঞ্চুরিতে। তার ১০৫ রানের ইনিংসে ২৪১ রান করতে পারে সফরকারীরা।
রান তাড়ায় ১০৩ রানে ষষ্ঠ এবং ১৫৪ রানে নবম উইকেট হারানো পাকিস্তানের জয়ের নায়ক শাদাব করেন ১১৩ রান। পাঁচটি ছক্কা ও ১৩টি চারে সাজানো তার ৯৬ বলের ইনিংসে ১৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি শাদাবের প্রথম সেঞ্চুরি। আগের সেরা ছিল ওয়ানডেতে ৮৬।
শাদাবের ১১৩ রান এই সংস্করণে আট নম্বরে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আট বা তার নিচে নেমে ওয়ানডেতে সেঞ্চুরি আছে কেবল দুইজনের; বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (১০০*) ও আয়ারল্যান্ডের সিমি সিংয়ের (১০০*)।
বিস্তারিত আসছে…
